Friday, May 16, 2008

কাক ও কোকিল: মাঘ নিশীথের বিড়ম্বনা

কাক ও কোকিল: মাঘ নিশীথের বিড়ম্বনা


মুনশী আবদুল করিম সাহিত্যবিশারদ ও আত্মসত্তার রাজনীতি।। গৌতম ভদ্র।। প্রচ্ছদ: অমল আকাশ।। সংহতি।। সেপ্টেম্বর, ২০০৭।। পৃষ্টা: ৮৮।। দাম: একশত টাকা।।


“জাতি বলুন আর সমাজই বলুন, তাহাকে জাতীয় ভাষার সাহিত্য হইতে জীবনীশক্তি ও উহার আদর্শ খুঁজিয়া লইতে হইবে, জাতীয় ভাষার সাহিত্য হইতে রসাকর্ষণ করিতে হইবে, নচেৎ তাহার উন্নতি অসম্ভব। কেবল দুই-চারি জন শিক্ষিত ব্যক্তি লইয়া কিছু জাতি বা সমাজ হয় না, আপামর সাধারণ, শিক্ষিত, অশিক্ষিত সকলকে লইয়াই জাতি বা সমাজ গঠিত হয়। জাতীয় বা সমাজ দেহের অণুতে পরমাণুতে পর্য্যন্ত প্রবাহ সৃষ্টি করিবার একমাত্র উপায় মাতৃভাষা।”

“দেশপ্রচলিত আপামরসাধারণের বোধ্য ও নিত্য-ব্যবহৃত জীবন্ত ভাষাই সকল জাতির জাতীয় ভাষা হওয়া উচিত। তাহা হইলেই সেই জাতি সেই ভাষার সাহায্যে উন্নতির দিকে অগ্রসর হইতে পারে।”

“একমাত্র জাতীয় সাহিত্যের অভাবেই বঙ্গীয় মুসলমান-সমাজ আজও ‘যে তিমিরে সে তিমিরে’ রহিয়া গিয়াছে, এবং আরও বহুদিন এভাবে থাকিবে, তাহাতে আর সন্দেহ হইতে পারে না।”


- মুনশী আবদুল করিম সাহিত্য বিশারদ, বাংলার মুসলমানগণের মাতৃভাষা

১. বহি-বৃত্তান্ত

মুনশী আবদুল করিম সাহিত্যবিশারদ বিষয়ে আলোচনা করছেন গৌতম ভদ্র। কি এর কারণ? এই প্রশ্ন নিয়াই দেখলাম, বইটা মূলতঃ গৌতম ভদ্রের দেয়া একটা ভাষণেরই পরিবর্ধিত রূপ। ভাষণটা তিনি প্রথম পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ-অধ্যয়ন কেন্দ্রের আমন্ত্রণে ২৯শে সেপ্টেম্বর, ২০০৩ সালে। এরপর আরো দুই-একটা জায়গায় তিনি এইটা পড়ছেন এবং ছাপাও হৈছে কয়েকটা পত্রিকায়। আর বইটাতে সংযোজন হিসাবে আছে মুনশী আবদুল করিমের লিখা একটা প্রবন্ধ।


২. জাতীয়তাবাদের আইকন

বইয়ের প্রথম বাক্যটাই একটা প্রশ্নরূপে বিষাদবয়ান। “আজ থেকে কত শত আলোকবর্ষ দূরে বাস করেন মুনশী আবদুল করিম সাহিত্যবিশারদ?” এই বিষাদে আমিও ভাবতে শুরু করি, আসলেই তো তিনি কত যুগ আগে বসবাস করতেন, এই বঙ্গদেশে! তার নাম পড়ছিলাম, স্কুলের কোন পাঠ্যপুস্তকে হয়তো। তিনি আজ কই?

কিন্তু কয়েক লাইন পরেই আবার খটকা লাগে, গৌতম ভদ্রের বিচারে। তিনি বলেন, “বাংলাদেশে আবদুল করিম সাহিত্যবিশারদ জাতীয় ‘আইকন’ বলেই স্বীকৃত, তার জীবনপন্ঞির নানা ঘটনা সুপরিজ্ঞাত, এমনকি জন্মের সাল নিয়েও বির্তকটির নিষ্পত্তি হয়ে গেছে বলে শুনতে পাই।” আবদুল করিম সাহিত্যবিশারদ বাংলাদেশের জাতীয় আইকন? কবে? কিভাবে? পাঠ্যপুস্তকের কোণা কানচিতে তাকে স্থান দেয়া গেছে বলেই কি তিনি ‘আইকন’ হয়া যাইতে পারছেন! কিংবা পাবলিক বিশ্ববিদ্যালয়ের বাংলাবিভাগে তারে নিয়া কোন কোর্স চালু আছে বৈলাই কি তিনি, জাতীয় আইকন হিসাবে বলবৎ আছেন?

বর্তমান বাংলাভাষার সাহিত্যসংস্কৃতিচর্চায় তার নাম বছরে কয়বার উচ্চারিত হয়? কিভাবে তার অবদান প্রভাব রাখে, আমাদের জাতীয় জীবনে? কোন বিচারে আবদুল করিম সাহিত্যবিশারদকে বাংলাদেশের আইকন বলেন গৌতম ভদ্র, তার ভিত্তিটা অস্পষ্ট লাগে। একাডেমির বাইরে বাংলাদেশের সমসাময়িক জাতীয় জীবনে বা সাহিত্যে, তিনি কে? কি তার সিগনিফিকেন্স?

৩. পাটাতনের বয়ান

তিনি পুঁথি-সংগ্রাহক। গৌতম ভদ্র বয়ান করেন যে, বাঙালির সংস্কৃতিমনস্কতার এক বিশেষ পর্যায়ে ও সময়ে বাংলা পুথির সংগ্রহরীতির অভ্যাসটি গড়ে ওঠে এবং পুথিমনস্কতার ধরনধারণ এক বিশেষ সাংস্কৃতিক অভ্যাসের ফল। এই পুঁথি সংগ্রহটাকে গৌতম ভদ্র তুলনা করছেন বর্তমান সাইবার স্পেসের সাথে বই এর টিকে থাকার লড়াইয়ের সাথে। (এই উপমা নিয়াও কথা বলার অবকাশ আছে, কেননা প্রযুক্তিরও একটা রাজনীতি আছে!)

উনিশ শতকের গোড়ার দিককার কথা। সেই সময়ে ভারতজুড়েই বিভিন্ন ভাষায় পুঁথিসংগ্রহের প্রক্রিয়া চালু ছিল, যা প্রাচ্যবিদ্যারই একটা অংশ বলে তিনি উল্লেখ করছেন। এই প্রক্রিয়ায় আবদুল করিম এর দুইটা দিক এর কথা তিনি প্রথমেই বলে নিচ্ছেন; আবদুল করিম এর লেখালেখির মধ্যে পাশ্চাত্যবিরোধিতার কোন উপাদান পাওয়া যায় না এবং তার কাজ প্রাচ্যবিদ্যার না, বরং সেইটা কেবলই বাংলা পুঁথিচর্চা। আরো ব্যাপার হচ্ছে, তার চর্চাটা কোন প্রাতিষ্ঠানিক কোন জায়গা থেকে না। যখন প্রাচ্যবিদ্যার নানাবিভাগগুলি স্পষ্ট হয়া উঠছে, তখন ‘শখের চর্চা ক্ষেত্র থেকে আবদুল করিমের মতো ব্যক্তিত্ব নিজের মতো করে পেশাদারিত্বের মোকাবিলা করছেন।’ সেইটা ঠিক আছে, কিন্তু প্রসঙ্গ যেহেতু আসলো, প্রশ্ন রাখা যাইতে পারে যে, জ্ঞান-চর্চা সবসময়ই একটা অ্যাকাডেমিক বিষয় কিনা? মানে, যখন কেউ জ্ঞানচর্চা করতে চাইছেন, তখন পেশাদারিত্ব, যে অর্থে অ্যাকডেমিক জোব্বা; তা থাকাটা আবশ্যিক কিনা।

গৌতম ভদ্রের বয়ান এই যে, সমগোত্রর দ্বিত্বের বেড়াজালেই তো মুনশী আবদুল করিমের চিন্তা তথা সমাজমানস আবদ্ধ, নিজের কালে ও সমাজে দ্বন্দ্ব বৃত্তির নানা পরিসর খোঁজা ও প্রকাশ নির্ণয় করাই যেন তাঁর সাহিত্যিক ও সাংস্কৃতিক কর্মকান্ডের রাজনীতি হয়ে দাঁড়িয়েছিল। অর্থাৎ, আমি পাঠ করি যে, বাঙ্গালী মুসলমানের অবস্থান নিয়াই তিনি ভাবিত ছিলেন এবং এই অর্থে তার যে আত্মসত্তার রাজনীতি তা বাঙ্গালী মুসলমানদেরই জাতীয় রাজনীতি। আর এইজন্য কি বাঙ্গালী মুসলমানদের যে জাতিভিত্তিক রাষ্ট্র - বাংলাদেশ, তার আইকন হয়া বিরাজ করার সিদ্ধান্তটা অনুমিত? এই সিদ্ধান্ত ও অনুমান কতটা সত্য?


৩. প্রাচ্যবিদ্যা, পুঁথিসংগ্রহ এবং জাতীয় সাহিত্য

বইটাতে তৎকালীন ভারতবর্ষে প্রাচ্যবিদ্যার একটা ইতিহাস গৌতম ভদ্র তুলে ধরছেন। খুবই গুরুত্বপূর্ণ এবং তথ্যসমৃদ্ধ তার এই আলোচনা। পুরা আলোচনাটাতে একটা বিষয় স্পষ্ট যে, পুঁথিসংগ্রহের কর্মটা একটা লোকাল নলেজ এর বিষয় এবং এতে জ্ঞানের নির্দিষ্ট নিয়ম-কানুন তৈরি হৈছে, যা আবার পশ্চিমেই আবি®কৃত এবং তা যতোটা সম্ভব মেনে চলা হয় বা চলাটা দরকার।

এই প্রক্রিয়ায় প্রথমেই সাহিত্য হিসাবে পুঁথিসংগ্রহের আলাদা মর্যাদা/অ-মর্যাদা তৈরি হয়। স্থানীয় জ্ঞানের বিষয় হিসাবে তারা চিহ্নিত হৈতে থাকে, বৈশ্বিক জ্ঞানের বিচারে। কেন্দ্র মাইনা নিয়াই তারা হয়া উঠেন প্রান্ত। এখন, এই পুঁথিসংগ্রহ বা স্থানীয় জ্ঞান কি বর্তমানে জাতীয় সাহিত্যের ভিত্তি হিসাবে প্রতিষ্ঠিত? অর্থাৎ, এইক্ষেত্রে মীমাংসাটা জরুরি যে, জাতীয় সাহিত্য বলতে আমরা শুধুমাত্র লোকসাহিত্যকেই বুঝবো কিনা।

হয়তো এই জায়গা থেকেই গৌতম ভদ্র বলেন, তাঁর পুথি সংগ্রহ ও পুথিসাহিত্য পরিচয়ে বাঙালি মুসলমানের ‘হীনমন্মন্যতা’ ঘুচেছে - এইটিই তাঁর ঐতিহাসিক দাবি। পূর্ব পাকিস্তানের আদি পর্বে অশীতিপর বৃদ্ধের তোলা এই দাবিকে আজকের বাংলাদেশে আহমদ শরীফের মতো উত্তরসূরিরা অক্ষরে অক্ষরে মেনে নিয়েছেন।

কিন্তু এই হীনমন্মন্যতার উৎসটা কি? সমাজে নিন্মবর্গ হিসাবে তার অবস্থান? তাইলে বর্তমানে কি তা আর নাই?


৪. লোকভাষা: জ্ঞান ও রস

পুথি-সংগ্রহ এই অর্থে ধরা যায়, নিন্মবর্গের সাহিত্য অনুসন্ধান। আর ভাষার প্রশ্নে গৌতম ভদ্র মান্য করেন যে, ‘ভারত সংস্কৃতির উৎসটি আছে ভুতভাষা তথা লোকভাষায়, দেবভাষায় নয়।’ আর এই লোকরূপই হচ্ছে জাতীয় চরিত্রের সারাৎসার।

আবার মুনশী আবদুল করিম এর অভীষ্ট কিন্তু জ্ঞান নয়, বরং তার আগ্রহের জায়গাটা মূলতঃ রস। এইখানে তার বিশেষত্ব তার যোগ্যতা না, বরং তার চরিত্র। যে চরিত্র বাঙ্গালী মুসলামনের এবং যার কর্ম নিবিষ্ট তার উদ্বোধনে।


৫. বাঙ্গালী মুসলমান: দ্বন্দ্ব ও বিষাদ

হিন্দু ও মুসলমান এবং মুসলমানীত্ব ও বাঙ্গালীত্ব এই দুই দ্বন্দ্বের ভিতরই বাঙ্গালী মুসলমান এর অস্তিত্ব। মুনশী আবদুল করিম মুসলমানদের বাঙ্গালীত্বে প্রবেশ করার এবং সাহিত্য-সংস্কৃতি চর্চায় হিন্দুদের সাথে দাঁড়ানোর প্রমাণ যোগাড় কৈরা দিছেন বলে তার গুরুত্ব আবি®কৃত হৈছে। এইরম একটা ধারণা আমার হৈছে, বইটা পড়ার পর। অর্থাৎ, বাঙালি মুসলমানরা নিন্মবর্গ হিসাবে তাদের অধিকার এবং সাহিত্য প্রতিষ্ঠা করতে পারছে। এইরম একটা ভুল ধারণা আমার হয়।

তাই এইরকম বিবেচনার বিষয়টাকেই আমি প্রশ্ন করতে আগ্রহী। নিন্মবর্গের সাহিত্য-আবিষ্কার যদি মুনশী আবদুল করিম এর বিশেষত্ব হয়া থাকে, তাইলে সে নিন্মবর্গ আজো নিন্মবর্গই আছে, জাতীয় সাহিত্যে তার অধিষ্ঠান হৈছে বললে সম্ভবত ভুলই বলা হবে, সেই অর্থে আইকন হিসাবে তার কর্ম এখনো কোন মেইনস্ট্রিম না, বাংলাদেশে।

ভাষা কিংবা সাহিত্য যে কোন বিচারেই এই পুরা আলোচনাটাই বর্তমান সময়ের প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ। তাই পাঠক, আপনাদেরকেও বইটা পড়ার এবং এই বিষয়ে চিন্তা করার অনুরোধ জানাই।


ইমরুল হাসান

No comments: