Friday, May 16, 2008

. . . হাঙর আমার বাবা-মাকে খেয়ে নিলো . . .

. . . হাঙর আমার বাবা-মাকে খেয়ে নিলো . . .

এই ভগ্ন্াংশ সাজ্জাদ শরিফ এর কবিতার। কবিতাটার নাম ডানা। কবিতাটা প্রথম প্রকাশিত হয় গান্ডীব নামের পত্রিকায় ১৯৮৮ সালে। তার কাব্যগ্রন্থ ছুরিচিকিৎসা (২০০৬) তে এটা ছাপা হৈছে। লাইনটাই মনে ছিল আমার আর কবিতার আবহটা। বইটা পাওয়ার পর আবারো পড়া হৈল, কবিতাটা।

কাব্যগ্রন্থে কবিতাটার একটা মাজেজা আছে বলে আমার ধারণা। কুড়িটা কবিতার সংকলন এই গ্রন্থে, কবিতাগুলির পূর্বপ্রকাশকাল (ধারণাকরি, আনুমানিক রচনাকালও হয়তো) মোটামুটি এইরকম:

১৯৮৫: ১.
১৯৮৬: ৩.
১৯৮৭: ৩.
১৯৮৮: ৫.
১৯৯০: ১.
১৯৯২: ৪.
১৯৯৮: ১.
২০০০: ১.
প্রকাশকাল দেয়া নাই: ১.

ডানা কবিতাটা ১৯৮৮ সালের। মানে কাব্যগ্রন্থে, সবচেয়ে বেশি স্থান পাওয়া (প্রকাশিত এবং লেখা?) সময়ের একটা কবিতা। সেই সময় বা তার সেই কাব্যধারার শেষ কবিতাও কিনা, সেইটাও সন্দেহ হয়, কবিতার ক্রম দেখে। কাব্যগ্রন্থ ২০০০ সালের একটা কবিতাটা দিয়া শুরু করে ১৯৯৮ পর্যন্ত; তারপর ১০ বছর পরের ১৯৮৮ একটা ভাবনায় সরে আসা (ডানা) এবং ১৯৮৫ পর্যন্ত। এইজন্য সন্দেহ আসে এইরকম আর শুধুমাত্র এই কারণেই না; ভাবনার মূল কারণ কবিতাটা। (এতক্ষণ যা বলতে চাইছি তা বহিরাঙ্গ; কবির অন্তরে ঢোকার সাধ্য আর কতোটা, কার?) কবিতাটার ভিতর একটা চিন্তা, একটা সম্ভাবনা জমাট বেঁধে আছে, মনে হয় যার কোন উদ্ধার নাই, বর্ণনা, বিন্যাস আর বেছে নেয়ার ভিতর যেন বিহ্বলতার সবটাই আছে এর। আসলে লাইনটা বিচ্ছিন্ন না, সমস্ত কবিতার, সব ভাবনার সবচেয়ে হতচকিত মুহূর্ত . . . অসহায় অথবা দৃষ্টিসক্ষম একটা প্রতিপাদ্য কেবল . . . .

তার আগে কবিতাটা বলি:

. . . . . . . . . . . . . . . . . . . . . .

ডানা

কেমন ঝাপটে এলে, ডানা, এই জলাভূমি থেকে
আমাকে নখরে গেঁথে, ও স্বঃতপ্রকাশ,
তুলে নেবে? রাত্রি এলে কেন দূর বনে চলে গেলে
অচেনা জন্তুর ঘায়ে ন্যুব্জ হয়ে থাকি, আমি জলে ডুব দিয়ে
কাটাই দিবসযাম। হাঙর আমার
বাবা-মাকে খেয়ে নিল, আমি তো অনাথ, আমি শ্যাওলার ঝোপে
লুকিয়ে বেঁচেছি এতোকাল

আমার শরীর থেকে, ডানা, অপহরণে
চলে গিয়েছিলে যদি হাওয়াকে পাঠাই খোঁজে, ঝড় আমার ছেলে
জন্তুর খুরের তৃণে বিষ্ঠা ও লালায়
ভরেছে সমস্ত দেহ; নিজে নিজে, ও ডানা, ফিরেছ তুমি আজ
বাঁকানো নখর নিয়ে এ জলাভূমিতে কেন বলো?

নিঘুমজাগর আমি দিগ্ব্যাপী এ জলপাতালে
দেখেছি উঠেছে জেগে সমাধিমহল -
একটি সে খালি, তাতে মনুষ্যচর্বির দীপগুলো
জ্বলে উঠছে একে একে, আমাকে কী বেছে নিতে বলো
ও ডানা, ও পুনরাগমন?
. . . . . . . . . . . . . . . . . . . . . . . .

প্রথম লাইনে জোরটা খেয়াল করেন, ‘ডানা’ শব্দের আগে কমাটা, কতো কোমল প্রবেশ; সঞ্চরণশীলের, যেন চলে আসলো, আহ্ববান ছাড়া, সরল সহজ, এমনিতেই, উদয় হলো, স্থানে . . . জলাভূমি তে. . . স্যাঁতস্যাঁতে . . . আর তার সাথে জড়ানো ব্যক্তিসত্তা . . . দ্বিতীয় লাইনে আইসা মিললো, এই বিষয়, প্রেক্ষাপট আর ব্যক্তি; তারপর চিন্তার যে শুরু, তার প্রথম অভিব্যক্তি . . . স্বতঃপ্রকাশ . . . প্রশ্ন . . . ইতিহাস-বর্ণনা . . . আর তারই মোক্ষম ক্ষণ . . . হাঙর আমার/ বাবা-মাকে খেয়ে নিল, আমি তো অনাথ . . . . মানে বেঁচে থাকা, নয় অচেতন এবং দৃষ্টি-প্রতিবন্ধী . . . (এইরকম কি?) তারপর দ্বিতীয় স্তবকে যখন আসলেন তিনি, ডানা, আবারো সর্ন্তপণে, কমা;. . . পাই অপহরণ . . . মানে এর পিছনেও আছে কাহিনী ? যা আর ব্যাখ্যাত নয়? . . . তারপর আবার ফিরে আসা . . . অর্তকিতে কিনা তা নয়, বরং কেন এই ফিরে আসা . . . পছন্দগুলির জেগে ওঠা . . . যখন তা অর্বাচীন, নেহায়তই দ্বন্দ্বমুখর বিষাদ . . . তাই বিষয়ের ঘাড়েই কী চাপলো সমস্ত সিদ্ধান্তের ভার? বিষয়ী অন্তর্হিত, স্থানের কলরোলে নিমজ্জিত যখন . . . তখন ডানা . . . যে এসেছে ফিরে . . . তারেই শুধায় . . . কেন? . . . ভাবনার সমাহিত লেজে . . . তুমি আর কী সম্ভবপরতা নিয়া আসতে পারো . . . এইরকম কি??


২.
এবার আসুন অঙ্গবিন্যাস এবং শব্দপ্রকরণে।

‘নিঘুমজাগর’ শব্দটাতে সময়ের একটা ছাপ আছে, মানে আমার মনে হয়, তখন কবিতা লিখতে হৈলে নতুন নতুন শব্দ বানাইতে হৈতো, এইটা একটা নতুন শব্দ, কবি বানাইছেন বলে মনে হৈছে। খুব যে খারাপ হৈছে বা অহেতুক আসছে, এইরকম না, কিন্তু ‘নতুন শব্দ’ আবিষ্কার হৈলো এইরকম একটা বোধ হৈছে। শব্দ জেগে উঠছে না হয়তো, যেমন জাগছে, পুনরাগমন!

বর্ণনা এর বৈভব। ডাঙায়, জলে আর বিচরণে। আবার ‘ঝড় আমার ছেলে’ বলার পর মনে হতে থাকে, আরোপ; কিন্তু বর্ণনার গতি টেনে নেয় তাকে। আর চিন্তার দুর্বল মুহূর্তটাতে সেই যে একবার মনে হৈছিল . . . হাঙর আমার বাবা-মাকে খেয়ে নিল . . . অনাথ . . . ভেসেছিল . . . নতুন উপলদ্ধিতে . . . কৌমার্যহরণের কালে . . . চিন্তার যে উদ্বোধন . . . সেই থেকে সম্প্রসারিত হতেই থাকে কেবল . . . ভাসায় আর জাগিয়ে তোলে . . .

এইরকম একটা কবিতার ভগ্নাংশ থেকেই হয়তো জেগে ওঠে আরেকটা কবিতা।


৩.
ডানা কবিতার এইটাই একমাত্র আলোচনা নয়। ১৯৯১ সালে এই কবিতার একটা আলোচনা করছিলেন, সুমন রহমান। দামোদর (সম্পাদক, মাহবুব পিয়াল) পত্রিকার ২য় সংখ্যায়। এই ১৬ বছর পরে তিনি তার সেই আলোচনার কতুটুকু গ্রহণ করবেন, আমি জানি না। কিন্তু টেক্সট হিসাবে এইটা আমার কাছে হাজির আছে। আর তার থেকে আমি একটা ধারণা করার চেষ্টা করতে চাচ্ছি যে, সমসাময়িকের (?) চোখে এই কবিতাটার বিচার কী রকম ছিল। সুমন রহমান আসলে আলোচনা করছিলেন শাহেদ শাফায়েত সম্পাদিত পূর্ণদৈর্ঘ্য পত্রিকার। তার আলোচনার শিরোনাম ছিল পরিচয়-সংকট ও মিলিয়ে নেয়ার সংগ্রাম।

সেই আলোচনার সূত্রপাত ছিল সাজ্জাদ শরিফ এর কাব্য-ভাবনা নিয়া। তারপর আলোচনার দ্বিতীয় স্তরের শুরুও তার কবিতা, ডানা:

“২. আত্মপরিচয়ের এই সংকট ও তা কাটিয়ে ওঠার অঙ্গীকার ঘুরে-ফিরে এসেছে পূর্ণদৈর্ঘ্য-এর কবিতাগুলোতে। সাজ্জাদ শরিফ-এর কবিতায়-

রাত্রি এলে কেন দূর বনে চলে গেলে
অচেনা জন্তুর ঘায়ে ন্যুব্জ হয়ে থাকি, আমি জলে ডুব দিয়ে
কাটাই দিবসযাম। হাঙর আমার
বাবা-মাকে খেয়ে নিল, আমি তো অনাথ, আমি শ্যাওলার ঝোপে
লুকিয়ে বেঁচেছি এতোকাল

পরিচয়হীন সত্তার এই আর্তি আমাদের স্পর্শ করে; তবে যখন রূপান্তরিত ডানা নখরে গেঁথে উড়িয়ে নেয়, তখন তাকে বেশ অসহায়ই মনে হয়-দুর্মর ব্যক্তিক সংগ্রামের বিষয়টি চাপা পড়ে যায়। তাই সাজ্জাদ তার কাব্যভাবনা ও কবিতায় যে ‘ডানা’য় ভর করে বহুদূরের পথ পাড়ি দিতে চান তাকে কেবল তাত্ত্বিক ভাবেই আমরা সনাক্ত করতে পারি। এর অস্তিত্ব আমাদের মনে কোনো সংলগ্নতার বোধ তৈরি করে না।”

এই পর্যন্ত ছিল কবিতাটার আলোচনা। এই আলোচনা সর্ম্পকে আমার উপলদ্ধিটা এখন এইরকম: একটা সার্বিক বিচার, কবিতাটার ক্ষেত্রে হাজির করা হৈছে। অর্থাৎ, বর্তমান (ঐ) সময়ের একটা উপলদ্ধি হিসাবে চিহ্নিত করা হৈছে, কবিতাটাকে, যার মূলধারা পরিচয়ের সংকট; কবিতাটাতে সংকটটা আছে, আছে অসহায়ত্ব, এই বোধ আমারও হৈছে। যা দ্বিধা, তা হৈতেছে প্রকরণ, ‘তাত্ত্বিক’ বলে যা আবি®কৃত। আমার ধারণা, এই তাত্ত্বিকতা, চিন্তার; (যা এনলাইটমেন্ট এর?), যা আরোপিত, ব্যক্তিরবোধে, যার কোন সংগ্ললতা নাই, পরিপার্শ্বে; এইটাই এই কবিতাটার অভীষ্ট, যে চিন্তা, সে তার সরলরেখা নিয়া হাজির এইখানে। প্রকরণ, একইভাবে এই অর্থে যে, এর যে প্রতীক ডানা, হাঙর, সমাধিমহল; এরা যে চিন্তার উপাদান, তা আহরিত, অন্য কোনখানে, আর তা জলাভুমি, ঝড়, শ্যাওলার ঝোপে নগণ্য প্রাণীর মোহে জড়িত।

এই যে আমাদের পূর্ববঙ্গীয় চিন্তাসকল, তার জারিত রূপ, দিকবিভ্রম; পথিক, তুমি কী পথ হারাইয়াছ? এরই অনু-বিশ্লেষণ? হারানোর উপলদ্ধির পর, ফিরে আসা; আর ফিরে আসা যে কখনোই ফিরে পাওয়া নয়, এই নত স্বীকারোক্তি থেকে উচ্চারিত বিষাদবাণী?

কবির মর্মবেদনা যদি বোঝা-ই যেত, তাহলে তো এইক্ষণে, আমিও হৈতাম কবি!

ই.হা.
ঢাকা, ১৯ই জুন, ২০০৭।

No comments: