Friday, May 16, 2008

ভণিতাহীন, প্রাত্যহিক এবং সশস্ত্র *

ভণিতাহীন, প্রাত্যহিক এবং সশস্ত্র *

শিরোনামের এই বিশেষণ,বিচার, বর্ণনা কিংবা চিহ্ননির্দেশক শব্দগুলি শামসেত তাবরেজী’র কবিতা সম্পর্কে বলা। উল্লেখ করা আছে তার বইয়ের মলাটের ভাঁজে। এর সত্য-মিথ্যা, ভালো-মন্দ কিংবা ঠিক-বেঠিক এর অনুভব পাঠকও পাবেন চৌষট্টি পৃষ্টার এই কাব্যগ্রন্থের উনপঞ্চাশটি কবিতায়। আমি শুধু কবিতাগুলির ভিতর একবার হেঁটে যাওয়ার স্মৃতি-তর্পণ করতে বসছি। কিন্তু করি কী করে?

বাক্যগণ লিপ্ত শুধু তর্ক করিবারে।

পাঠক, সাবধান! এই কাব্যগ্রন্থের ভিতরে ঢোকার জন্য সুড়ঙ্গ তৈরি করার আগে, নিজের পরিখা খনন করে নিন, প্রথমে। কাব্যগ্রন্থের শুরুতেই আক্রমণ, মার্চপাস্ট সং। যে কোন সূত্রপাত, জন্মই (যথা, প্রাত্যহিকতা, এই প্রসক্সেগ) যেন মৃত্যু-অভিমুখী; তার স্বতঃস্ফূর্ত বিস্ফোরণ? কলহ, কোলাহল করতে করতে তারা এগায়, যেন ঘোড়া, শম্পারাত্রি জুড়ে। গান আর সুর নয়,তার প্রাত্যহিকতা, তার প্রবাহমানতার শেকলে আটকা পাঠক ভাবো কী করবে তুমি? কবিতা-রচনা?

পোঁদ-পাকানো ছেলের দল/ এক লাইন কবিতাও লিখতে পারছে না

এই রায় শিরোনামহীন এর। তাইলেই বোঝ, সব পথ আটকানো; কেবল সঙ্গী-সাথী তিনজন, তাদেরই কাহিনি-বর্ণনা। যা বলা হয়েছিল তা-ই, অন্ধের ভবিষ্যত-বয়ান, রুদ্ধ নিয়তির পথ . . . . কেননা ঘটনার গতিপথে যা দৃষ্টিসক্ষম প্রতিপাদ্য, তারই চিত্ররূপ . . . . যেখানে পুলিশ-প্রজাপতি, ‘প’ বর্গে স্থাপিত এবং সমাহিত ‘ব্যক্তিগত আমের আরাম’ এ। আর ‘আরাম’ মানে ‘প্রেম’; ধর্মের আসরে নিরীহ-নিপাট বোধ, পাঠক এইবার তোমার মুখোশ-ই খসে পড়লো . . . . বন্ধ্যা গবেষণাকেন্দ্রে এর অনুসন্ধান প্রকল্প হাজির করো তুমি . . . কেন তুমি এই বই পাঠ করতে নেমেছো? কিসের আশায়? জ্ঞানের লোভে ও শান্তি-কামনায়? যদি তা-ই হয়ে থাকে, এখনই পিছন ফিরো, এই কবিতা তোমার পাছায় আজ সমাজ-বাস্তবতা প্রবেশ করাইবে . . . .

কিছুটা ভব্যতা রাখো

অতঃপর এই মিনতি। ব্যক্তিগত দাবানল। সমিতি, প্রতিষ্ঠান, এনজিও, যারা বাবা-মামা-চাচা-মা-বোন সকলই, আমাদের দরিদ্র দেশে, মহাত্মা . . . . তার অপরপৃষ্টে বকুল-বক্তব্য খানি . . . . সংবিধান-আলোচনা

দেশ ধ্বংস হয়ে গেলে/ দেশের গল্প থেকে যাবে

কি করে আর্বিভুত হলো দেশ? তার অখন্ডতা? কাঁধের উপর চাপিবে কি জোয়াল? বর্ণনা-রীতি, ব্যাকরণ-সংশ্লিষ্টতা? দেশ এর অমিমাংসিত গল্প শেষে, জেগে উঠে কবিতার হাড়-কংকাল, তার সংজ্ঞায়ন থেকে জন্ম নেয় অমরত্ব-লোভী বানী:

কবিতায় এখন/ তেজপাতাও ব্যবহার করা চলে

জানি সময় খুব দ্রুতই আগায় আর মুছে ফেলতে চায় তার চিহ্নায়ন, তারপরও আরো ষাট বছরকাল বেঁচে থাকার ইচ্ছা কিলবিল করছে যেন এই লাইনটার . . . . কবিতা বেগম কে টেক্কা মেরে, দেখা যাক, কোথায় গিয়ে থিতু হয় সে, পুনরায় জেগে উঠার আগে যে যাচ্ছে বলে লোধ্রকণা, ফর্মলেস শাদা, ক্ষুধার গভীর সমুদ্র আর নিয়ে চলেছে ভার ছায়াচিত্রের রাজনীতি’র . . . . কোথায় চলেছে সে?

জাহান্নামে, চলো, চলো, চলো . . .

পাঠক, তোমারই আশেপাশে বসে ছুরিতে শান দিচেছ, লক্ষী-সোনা লুসিফার, প্রনয়ী যে তোমার, কবি, প্রবন্ঞিত প্রেমিক, নিয়ে চলছে ভুলিয়ে-ভালিয়ে; মিথ্যা তো সবাই বলে, অর্থাৎ ‘মিথ্যা’ মানে নিশ্চয়তা জীবের, ‘সত্য’ যেমন মৃত্যু-সমান . . . পেঁয়াজের ঝাঁজ . . . এ যে আমারই আন্ডারওয়্যার . . . দুঃখ-শোক এর এলিজি রচনা . . . তারপর?

ঊষালোক জুড়ে শটীফুলের ভৈরোঁ

আমাদের মানবজন্মের যৌথতা, জন্ম-মৃত্যু-ইতিহাস-দেশ-কবিতা সবকিছু জুড়ে কি মিহি একটা চাদর ছড়িয়ে পড়লো যেন, গাধার মতো বিষন্নতা, কান্না, ক্লেদ, বর্ণনার; হঠাৎ-ই সবকিছু তেড়ে-ফুড়ে আসলো যেন বিহ্বলতা; এর পাশে বসি, হাত-বুলাই, প্রিয় গাধা . . . . আমাদের যৌথতা . . .জ্বর . . . তাকে ঘিরে আছে বেষ্টনী

ভাসুরবিলাসী উন্নয়ন

গ্রামই তো মূলক্ষেত্র। অনাবি®কৃত ভূ-খন্ড আমার! যেখানে শহর নতুন করে আবিষ্কার করছে গ্রাম আর আমাদের গ্রামের ভিতর থেকে শহর জেগে উঠছে, শ্রেনী-বিভেদ জনিত স্থানের ক্রূর যৌনচেতনা . . . প্রকাশ-বিহ্বল প্রকাশনা . . . . জাগিয়ে তুলছে আম্রকানন থেকে কলের গান . . . চতুর ইতিহাস-রূপ . . . দেশ-চিন্তা . . . আর যিনি এতকিছু ভাবছেন মধ্যবিত্ত এর বারান্দায় বসে, খাঁচা-সংগ্রাহক, কি তার পরিচয়?

আমি শ্রমশীল সংগীত-শিল্পী

তার বিনীত অভিপ্রায় বর্ণনা . . . তার দেশ . . . যেইখানে হরিণ মুগ্ধ চাটে ব্যাগ্রের গাল . . . আর ফলত . . . নানা পোষ্য . . . উদাসীন গান গায় . . . সেইখানেই তার শ্রমশীলতা . . . তার তেঁতুল-কাহিনী পাঠ করে উঠে আবারো নিমজ্জিত হই . . . ভাবনায় কত যে কাঁটা, কত যে ক্ষুরের পোচ, ছিন্ন-ভিন্ন করে গেলো . . . তার আঘাতগুলি . . . বর্মহীন করে দিলো আরো . . . পাঠক, আপনাকে রক্তাক্ত করার প্রয়াসেই রচিত হয়েছে, এই কবিতা!

আম্রকানন থেকে মাভৈ’ কলের গান।। শামসেত তাবরেজী।। জাতীয় গ্রন্থ প্রকাশ।। ২০০৭ খ্রীষ্টাব্দ।। প্রচ্ছদ: শামসেত তাবরেজী।। পৃষ্টা: ৬৪।। মূল্য: ৭০ টাকা।।

* শিরোনাম এর বাক্য বইটির ফ্ল্যাপে সুমন রহমান এর লেখা।

No comments: